
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারি সুবিধা বাড়ানো হচ্ছে।
রোববার (২৫ ডিসেম্বর) রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুইড বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মো. আশরাফ আলী খান খসরু বলেন, প্রতিবন্ধকতাকে এখন আর অভিশাপ মনে করা হয় না। সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য প্রতিবন্ধীরা স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এ কারণে প্রতিবন্ধকতাকে জয় করে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে। বৈশ্বিক পরিমণ্ডলেও দেশের মুখ উজ্জ্বল করেছে।
সুইড বাংলাদেশের সভাপতি ফরিদ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুইপ মাহবুব আরা গিনি, জাতীয় সংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।




