
খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বলেছেন, সভা-মিছিলের নামে কেউ নাশকতা করলে কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধ পরিকর বাংলাদেশ পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডিআইজি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ পুলিশ। ১৯৭১ সালে প্রথম বুলেট ছুড়ে দিয়ে শত শত পুলিশ সদস্য শহীদ হয়ে স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যারা আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করেছে তাদের কোনো ছাড় নেই। ওই সময় পুলিশের অনেক সদস্য নিহত হয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধীরা এখনও নানা রূপে ফিরে আসে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সামনের দিনে তারা আবারও নৈরাজ্য সৃষ্টি করতে পারে। আপনার যা খুশি তাই করবেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্টে দিবেন, এটা দেখার মতো অবস্থা এখন আর এ দেশে নাই। দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগারওয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিকসহ অন্যরা।
পরে দুই হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।




