
বাগেরহাটের শরণখোলা থেকে স্বর্ণ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণসহ নগদ প্রায় আট লাখ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে মোরেলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন— শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামের আ. রহমান হাওলাদারের ছেলে আ. মালেক (৪০), রুহুল আমিন হাওলাদারের ছেলে শহিদুল হাওলাদার (৫০), শাহজাহান হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৫০), রব হাওলাদারের ছেলে ছোট বাবুল (৪৫), মোতালেব হাওলাদার (৪৫) পিতা অজ্ঞাত এবং খেজুড়বারিয়া গ্রামের সম্বুনাথ কুলুর ছেলে স্বর্ণ ব্যবসায়ী বাবুল কুলু (৪৩)।
রাজশাহী ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গত ৩০ নভেম্বর গ্রেপ্তারকৃতরা পাবনা জেলার ইশ্বরদী উপজেলার মল্লিকা জুয়েলার্স থেকে রাতে তালা ভেঙে ৭০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে আসে। পরদিন জুয়েলার্সের মালিক বাবু ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। মামলাটি পরবর্তীতে ডিবি পুলিশ দায়িত্ব পেলে তদন্তে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততা পাওয়া যায়। এরপর অনুসন্ধান চালিয়ে তাদের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী বাবুল কুলুর দোকান থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ এবং গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্য শহিদুল হাওলাদারের কাছ থেকে ১০ ভরি স্বর্ণ বিক্রির নগদ ৭ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনাসহ বিভিন্ন এলাকায় আরও অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, আসামিদের শরণখোলা থেকে গ্রেপ্তার করা হলেও মামলা যেহেতু ঈশ্বরদী থানায়, তাই তদন্তের স্বার্থে ডিবি পুলিশ তাদের সেখানে নিয়ে গেছে।




