
আরটিভি অনলাইনে নিউজ প্রকাশের পর গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সন্দেশ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীফলতলী এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে হারুন ও লুৎফর নামে দুই শ্রমিককে আটক করা হয়।
পরে দুই শ্রমিককে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ওই অবৈধ কারখানার মালিক শুভরাজ পলাতক রয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই দণ্ডাদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও আনসার বাহিনীর সদস্যরা।
নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় কালিয়াকৈর শ্রীফলতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে দুই শ্রমিককে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কারখানার মালিককে পাওয়া যায়নি। বিশুদ্ধ খাবার আইনে বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা প্রস্তুতি চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।




