
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, নির্বাচনি ফল ঘোষণার সময় যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিরা ফল ঘোষণাস্থলে উপস্থিত আছেন। এ ছাড়া নিরাপত্তা বেষ্টনীর বাহিরে অসংখ্য নেতাকর্মী অবস্থান করছেন।
অন্যদিকে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শেষ হওয়া ২১টি ভোটকেন্দ্রের ফলে এগিয়ে আছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। শেষ খবর পাওয়া পর্যন্ত ফলে লাঙল ১২ হাজার ৬১২ ভোট, হাতি ৫ হাজার ১০৯ ভোট এবং নৌকা ৩ হাজার ৯৮৬ ভোট পেয়েছেন।
মেয়র পদপ্রার্থীদের মধ্যে আছেন, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।
রংপুর সিটি করপোরেশনে মোট ৩৩টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ২২৯টি। ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৪৯টি। এবারের নির্বাচনে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটগ্রহণ মোট ১ হাজার ৮০৭টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




