
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইব্রাহীম খলিল (২৪) নামে এক মাদরাসাছাত্রকে অপহরণের অভিযোগে সাফায়েত গনি (২৮) নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণের শিকার মাদ্রাসাছাত্র ইব্রাহীম খলিলকেও উদ্ধার করে পুলিশ।
ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীনূল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সাফায়েত গণি মুক্তাগাছা উপজেলার ছাত্রাশিয়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। গাজীপুর জেলার কালিয়াকৈর সার্কেল অফিসে কর্মরত ছিলেন। ইব্রাহীম খলিল স্থানীয় কেআই সিনিয়র ফাজিল মাদরাসার ফাজিল বিভাগের ছাত্র।
পুলিশ বলছে, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার চৌধার গ্রাম থেকে ইব্রাহীম খলিলকে পুলিশের পোশাক পরে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলামকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সাফায়েত গনি সাগর। পরে সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাফায়েত গনি ও রুমানসহ অজ্ঞাত ৫–৬ জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, অপহরণকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৭ দিনের রিমান্ড আবেদন করে, ময়মনসিংহ ২ নম্বর আমলি আদালতে পাঠানো হয়েছে।




