
পাবনার ঈশ্বরদীতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আন্তজেলা চোর-ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই সোনা, রুপা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসপি আকবর আলী মুনশী।
পুলিশ সুপার জানান, গত ২৯ নভেম্বর রাতে ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া বাজারে মল্লিকা জুয়েলার্সে নামের এক স্বর্ণের দোকানে চুরি সংঘটিত হয়। এ ঘটনায় ৩ ডিসেম্বর থানায় মামলার পর অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় টানা তিনদিন অভিযান চালিয়ে রাজশাহী, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর ও ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চোরাইকৃত ছয় ভরি সোনা, ৫০ ভরি রুপা, স্বর্ণ বিক্রির ৭ লাখ ৯০ হাজার টাকাসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্চাম উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।




