
সিরাজগঞ্জে রকেট এজেন্টকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা ও একটি মোটরসাইকেলসহ ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল।
গ্রেপ্তারকৃতরা হলেন— সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামাকান্তপুর স্কুলপাড়া গ্রামের সুজন মিয়া, আব্দুল করিম, আব্দুল মালেক, মো. আশরাফুল ও আবু হাসেম।
পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে তারিকুল ইসলাম নামের এক মোবাইল ব্যাংকিং এজেন্টকে গুলি করে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। এ ঘটনায় মামলা দায়ের হলে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তদন্ত শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ রওশন আলীর নেতৃত্বে উপপরিদর্শক জুলহাজ উদ্দিন, উপপরিদর্শক ওয়াদুদ আলী ও সহকারী উপপরিদর্শক মিন্টু মিয়ার সমন্বয়ে গঠিত একটি টিম মঙ্গলবার গাজীপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল ও দুটি গুলির খোসাসহ ডাকাতদলের সদস্য সুজন মিয়া, আব্দুল করিম, আব্দুল মালেক, মো. আশরাফুলকে গ্রেপ্তার করে।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ওয়ান শুটারগানসহ উল্লাপাড়া থেকে আবু হাসেম নামে অপর এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় উল্লাপাড়া থানায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক জুলহাজ উদ্দিন ও উপপরিদর্শক ওয়াদুদ আলী বাদী হয়ে দুটি অস্ত্র মামলা দায়ের করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সামিউল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




