
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটি ও কালিহাতী উপজেলার একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সবকটি ইউনিয়নে ভোট হবে ইভিএমে। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
বুধবার দুপুরের পর হতে ইভিএমসহ নির্বাচনে ভোট গ্রহণের অন্যান্য সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছে গেছে। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনি সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রে গেছেন।
জানা গেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্বপালন শুরু করবেন। ঘাটাইল উপজেলার রসুলপুর, সংগ্রামপুর, লক্ষ্মীন্দর, ধলাপাড়া ও সন্ধানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পাঁচটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১ লাখ দুই হাজার ৩৮১ জন।
এদিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন, সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২২ হাজার ৪৫৫ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল ইসলাম জানিয়েছেন, টাঙ্গাইলে ছয়টি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।




