
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ ফেরত এক যাত্রীকে স্বর্ণসহ আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যরা।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বিমানবন্দরে ওই যাত্রীর চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে তার ব্যাগ থেকে আড়াই কেজি স্বর্ণ জব্দ করা হয় এবং পরে তাকে আটক করা হয়।
আটক ওই যাত্রীর নাম জসিম উদ্দিন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিমানবন্দরে শারজাহ ফেরত এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট অবতরণ করে। পরে ওই যাত্রীর চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে তাকে চ্যালেঞ্জ করে ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ২ কেজি ৯০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ২ কেজি ৪২৩ গ্রাম স্বর্ণ ও বিপুল পরিমাণ প্রসাধনী উদ্ধার করা হয়। আটক করা স্বর্ণ, স্বর্ণবার ও স্বর্ণালংকার এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা। স্বর্ণগুলো একটি কুকিং মেশিনের ভেতরে কয়েলে রূপান্তর করে চোরাচালানের চেষ্টা করেছিলেন ওই যাত্রী। পরবর্তীতে তা এনএসআই টিম খুলে উদ্ধার করে।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম আহমেদ বলেন, উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স এর কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত যাত্রী স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।




