
টাঙ্গাইলে ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে ২ ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। এতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব টোলপ্লাজা থেকে কালিহাতী উপজেলার ভাবলা পর্যন্ত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অতিরিক্ত ঘন কুয়াশার কারণে সেতুতে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য বুধবার রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত পূর্ব ও পশ্চিম টোল প্লাজায় বুথগুলো বন্ধ রাখা হয়। পরে মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন ও যানজট সৃষ্টি হওয়ায় উভয়পাড়ের ১৪টি টোল বুথের মধ্যে সেতুর পূর্ব পাড়ে ২টি ও পশ্চিমের ২টি টোল বুথ খোলা রাখা হয়। এখনও ঘন কুয়াশা থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।
কাচামাল বহনকারী ট্রাক চালকরা জানান, কুয়াশার কারণে রাতে সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে দীর্ঘ সময় গাড়ি বন্ধ থাকায় চালকরা গাড়িতেই ঘুমিয়ে পড়েন। এ ছাড়া সকালের দিকে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শফিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় সকালের দিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা থেকে কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত মহাসড়কে পরিবহনের দীর্ঘ লাইন রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।




