
বগুড়া রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারিয়েছেন এক যুবক।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বগুড়া রেলস্টেশনের সুপারিন্টেনডেন্ট সাজেদুর রহমান সাজু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামের আব্দুর রশিদের ছেলে মিলন।
সুপারিন্টেনডেন্ট সাজেদুর রহমান সাজু জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে রংপুর এক্সপ্রেস বগুড়া স্টেশনে আসে। পরে ট্রেনটি রংপুরে যাওয়ার উদ্দেশে ছেড়ে দেয়। এ সময় মিলন দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করে। এতে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। এ সময় ঘটনাস্থলেই তার দুই পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে রেল পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (ছিলিমপুর) ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর মিলনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।




