
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটি ও কালিহাতী উপজেলার একটি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ চলছে। তবে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ১৩টি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহণের শুরু থেকেই ধলাপাড়া ইউনিয়নের মোথাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ইভিএমে ত্রুটি দেখা দেয়। ফলে ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও ভোট দিতে পারছেন না। সকাল ১০টায় এ কেন্দ্রের ৫ নম্বর বুথে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ১৩টি। এ বুথে ভোটার রয়েছে ৩৬৫ জন। এ ছাড়াও এক নম্বর বুথে ৩৭৭ ভোটের মধ্যে ৩১টি, ২ নম্বর বুথে ৩৮৪ ভোটের মধ্যে ৩৭টি, ৩ নম্বর বুথে ৩৭৭ ভোটের মধ্যে ৩৪টি, ৪ নম্বর বুথে ৩৬৬ ভোটের মধ্যে ২০ এবং ৬নং বুথে ৩৬৬ ভোটের মধ্যে ২২টি কাস্ট হয়েছে। এ কেন্দ্র মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৩৫টি।
মোথাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইজিং অফিসার সরোয়ারী আলম খান জানান, ইভিএমে ত্রুটি থাকায় শুরুতে ভোট নিতে একটু সমস্যা হয়। আশা করি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।




