
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে ফিলিপনগর ইউনিয়নের গোলবাড়ি এলাকায় পদ্মা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলেন, গোলাবাড়ি পাড়ার লিপন মণ্ডলের ছেলে রিফাত মণ্ডল (৮) ও বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা গ্রামের মজিবর রহমানের ছেলে মুরসালিন ইসলামি (৬)।
স্থানীয়রা জানান, মুরসালিন দুদিন আগে দৌলতপুরে নানার বাড়িতে বেড়াতে আসে। পরে বুধবার বেলা ১১টার দিকে খেলতে খেলতে দুই শিশু নিখোঁজ হয়। দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
তারা আরও জানান, বুধবার রাত ১১টার দিকে পদ্মা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে। তবে ডিঙ্গি নৌকায় চড়ে তারা পদ্মা নদীতে খেলতে গিয়ে ডুবে নিখোঁজ হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর পদ্মা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। রাতেই মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




