
গাজীপুরের কালীগঞ্জে আবু সুফিয়ান শান্ত (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই মাদরাসার মক্তব বিভাগের আবাসিক শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
আবু সুফিয়ান শান্ত খলাপাড়া এলাকার হান্নান মিয়ার ছেলে।
মদিনাতুল মনোয়ারা মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা আবু হানিফ জানান, শান্ত এই মাদরাসায় ৩-৪ বছর ধরে পড়াশোনা করছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তিনি জানেন না।
কালীগঞ্জ থানার এসআই মাজহারুল হক গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার এশার আজান শুনে শিক্ষার্থীরা নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশে কক্ষ থেকে বের হয়। অন্যান্য শিক্ষার্থীরা নামাজ শেষে কক্ষে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে শান্ত লোহার এঙ্গেলের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




