
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, সুস্থ কোনো মানুষ জঙ্গিবাদের পক্ষে থাকতে পারে না। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। যারা ইসলামকে ভালোবাসে তারা কখনও জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে না।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশে গড়ার প্রত্যয়-করনীয় শীর্ষক ইমাম সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ইমামতির বাহিরেও ইমামরা ইসলামী বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়৷ কুরআনে আমাদের জীবন বিধানের সকল বিষয় স্পষ্টভাবে রয়েছে৷ কুরআনের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা থেকে আমাদের সাবধান হতে হবে৷ ইমামগণ ইসলামের ভুল ব্যাখা রোধে বড় ভূমিকা পালন করতে পারে৷
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ওবায়দুল হক তারেক ও ইমাম প্রতিনিধি মাওলানা মোতাহার হোসেন প্রমুখ।




