
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী পার হতে গিয়ে নৌকা ডুবে মা নাজমা বেগম (৩০) ও ছেলে নাসিমের (২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৪ জন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহিরডাঙ্গা খেয়া ঘাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পার বাহিরডাঙ্গা গ্রামে নাজমার দাদির মৃত্যুর খবর শুনে ১৮-২০ জন আত্মীয়-স্বজন ও প্রতিবেশী বাহিরডাঙ্গা গ্রাম থেকে নৌকাযোগে রওনা দেন। অতিরিক্ত যাত্রীর ভারে নবগঙ্গার মাঝ নদীতে নৌকাটি ডুবে যায। সাঁতরে বেশ কয়েকজন পাড়ে উঠতে পারলেও ১০-১২ জনের খোঁজ পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা নাজমা ও তার ছেলের মরদেহ উদ্ধার করেন।
কালিয়া ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, নৌকাটিতে ১৭-১৮ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে শিশুসহ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই সাঁতরে তীরে উঠলেও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।




