
নেত্রকোণার কলমাকান্দায় কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৩১ ডিসেম্বর) রাতে কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধোপাকোলা ইউনিয়নের কাটাখালী গ্রামের এমদাদুল হক মল্লিকের ছেলে আইনুল হক (৩৫)। তিনি গ্রামীণ ব্যাংকের দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া শাখায় সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আহত মিজানুর রহমান নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা এলাকার বাসিন্দা। তিনি একই শাখায় দৈনিক মজুরিভিত্তিক কাজ করেন।
জানা গেছে, শনিবার আইনুল ও মিজানুর অফিসের কাজে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলায় যাওয়ার পথে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গেলে কাভার্ডভ্যানটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আইনুল নিহত হন। এ সময় আহত মিজানুরকে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ওসি আবুল কালাম জানান, শনিবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যানচালক সাকিব হাওলাদারকে (২৩) আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




