
কিশোরগঞ্জের সদর উপজেলায় দেশীয় তৈরি ৪৯ লিটার চোলাই মদসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র্যাব।
শনিবার (৩১ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
আটকৃত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার দামপাড়া (পূর্ব হাটি) এলাকার বকুল মিয়ার ছেলে আক্তার হোসেন (২৮)। তিনি মাদক বিক্রেতা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ নতুনপল্লীর রৌশনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশাসহ মাদক বিক্রেতা আক্তারকে আটক করা হয়। পরে অটোরিকশা তল্লাশি করে দেশীয় তৈরি ৪৯ লিটার চোলাই মদ ও ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক মাদক বিক্রেতা আক্তার দেশীয় তৈরি চোলাই মদ ক্রয়-বিক্রি করে আসছিল। অভিযানে আটকের পর মাদক বিক্রেতা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।




