
জামালপুরের সরিষাবাড়িতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে দায়ের মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার তারাকান্দির যমুনা সার কারখানা এলাকায় মৃত বীর মুক্তিযোদ্ধার ছেলে মশরেকুল আলম লিচুর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
শনিবার (২১ জানুয়ারি) মিজানুর রহমানকে কান্দারপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। অভিযুক্ত এই আওয়ামী লীগ নেতা পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি একই গ্রামের শামছুল হকের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুলতান মাহমুদ।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে শনিবার সকালে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পালানো চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার।
এ ঘটনায় শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সরিষাবাড়ী থানায় একটি মামলাও হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ মহব্বত কবীর।
তিনি জানান, বাড়িতে হামলার অভিযোগে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের নামে বীর মুক্তিযোদ্ধার ছেলে মশরেকুল আলম লিচু বাদী হয়ে মামলা করেন। মামলার প্রধান অভিযুক্ত ইতোমধ্যে আটক হওয়া মিজানুর রহমানকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।




