
রংপুরের কাউনিয়া উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উপজেলার সাহাবাজ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক হরিদাশ গ্রামের গৌছ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৩)। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের পলাশবাড়ী এলাকার সুপারভাইজার ছিলেন।
পুলিশ জানান, মিজানুর রহমান মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। শনিবার সকাল ৯টার দিকে ওই মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই আবদুল মালেক জানান, প্রায় তিন সপ্তাহ আগে বাবা মারা যান। বাবার কুলখানির আয়োজন করার জন্য ছোট ভাই মিজানুর বৃহস্পতিবার বাড়িতে আসেন। শুক্রবার রাতে সব ভাই বসে আলোচনা হয়েছে। শনিবার সকালে মিজানুর নিজ কর্মস্থলে যাচ্ছিল। এ সময় রাস্তায় কাভার্ডভ্যানের চাপায় সে মারা গেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, শনিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে কাভার্ডভ্যানসহ চালক মজিবরকে আটক করা হয়েছে।




