
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর খিলগাঁওয়ে ল্যাভেন্ডারকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে।
শুক্রবার (২৬ মে) ‘লিরা ইমপোর্টস’র স্টিকার নকল করে ৩৩ ধরনের বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
গত ২২ মে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে লিরা ইমপোর্টস নামের স্টিকার নকল করে ৩৩ ধরনের নামীদামী ব্র্যান্ডের প্রসাধনী অবৈধভাবে বিক্রি করার প্রমাণ পায়। সে তথ্যের ভিত্তিতে শুক্রবার অভিযানে নামে ভোক্তা অধিদপ্তর।
এসময় প্রতিষ্ঠানটির পক্ষে ম্যানেজার স্বেচ্ছায় দোষ স্বীকার করে লিখিত বক্তব্য দেন। ভবিষ্যতে এরকম অপরাধমূলক কার্যক্রম পরিচালনা হতে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এর আগে নিয়মিত শুনানি, প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে প্রতিষ্ঠানটির ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনার চিত্র পাওয়া যায়। সেই সময় প্রতিষ্ঠানটির সব প্রকার বিক্রি কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫০ ধারায় ল্যাভেন্ডারকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শর্তসাপেক্ষে সাময়িকভাবে প্রতিষ্ঠানটি বন্ধের আদেশ প্রত্যাহার করে নেয় ভোক্তা অধিদপ্তর।




