
তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষ আওয়ামী লীগের শক্তি বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
শনিবার (৮ জুলাই) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।
ইমরান আহমদ বলেন, আওয়ামী লীগের শক্তি তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষ। আওয়ামী লীগের আজকের যৌথ কর্মীসভায় বিপুল মানুষের সমাগম ও উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করে এই দলের শেকড় কতটা বিস্তৃত, কতটা মজবুত।
তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দলের যে কোনো কর্মীও হতে পারে। তবে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিশ্বাস করে যাকে মনোনয়ন দেবেন আমরা সবাই তার পক্ষে কাজ করব।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। তাই, উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ উদ্দিন কর্মীসভায় সভাপতিত্ব করেন এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিসবাহ আহমদের পরিচালনা করেন।
কর্মীসভায় সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ মিয়া, একই উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইসমাইল আলী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল প্রমুখ বক্তব্য রাখেন।




