
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম চেয়ারম্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাত ১২টার দিকে ওই সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার বিশ্বস্তপুর থানার শিলদুয়ার গ্রামের নুরুল আমিনের ছেলে মোহাম্মদ মাসুম (৩০)। তিনি ট্রাকচালকের সহকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে চেয়ারম্যান রাস্তার মুখে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকচালকের সহকারী মাসুম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। এ সময় ট্রাকচালক নিহত মাসুমকে রেখেই পালিয়ে যান।
ইনচার্জ সোহেল সরকার জানান, সোমবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।




