
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা ডিএসসিসিতে স্থিতিশীল রয়েছে। এ এলাকায় প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা ৫০ থেকে ৫৪ জনের মধ্যে সীমাবদ্ধ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রেড জোন ঘোষিত ১৪ নম্বর ওয়ার্ডের ঝিগাতলা এলাকায় ডেঙ্গু বিস্তার রোধে জনসম্পৃক্ততা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মেয়র তাপস বলেন, আমরা এডিস মশার প্রজন্মস্থল ধ্বংসের কার্যক্রম গতিশীল রেখেছি। ফলে, গত এক মাস ধরে ডিএসসিসিতে ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঢাকায় এখন ডেঙ্গু রোগীর সংখ্যা স্থিতিশীল। প্রতিদিনের তদারকির ফলে এখন ৫০ থেকে ৫৪ জন করে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। আমরা মনে করছি ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা সবাইকে সচেতন করছি। সবাই সচেতন হলে অচিরেই রোগীর সংখ্যা আরও কমবে। গত সপ্তাহের পর্যালোচনায় ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ জন্য আমরা এই দুটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছি। আমরা বেশি বেশি প্রচার-প্রচারণা চালাচ্ছি, যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারি।
শেখ ফজলে নূর তাপস আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ওপর জোর দিতে হবে। আমরা এলাকাবাসীর সাড়া পাচ্ছি। আমরা কয়েকটি জায়গা পরিদর্শন করেছি। সবাই নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখবেন, পানি জমতে দেবেন না। আমরা এটাই চাই। ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের মাধ্যমে এডিস মশা নির্মূল করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, সংরক্ষিত আসনের সদস্য শিরিন গাফফার প্রমুখ।




