
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ফরহাদ হোসেন হিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তি টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার সুমেষ সরকারের ছেলে বাসুদেব সরকার (৬৫)।
ফরহাদ হোসেন হিরা জানান, গত ১৬ সেপ্টেম্বর সকালে বাসুদেব ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সোমবার সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ইতোমধ্যে ৪৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১১৪ জন রোগী রয়েছে। চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত আটজন মারা গেছেন।




