
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নে পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। ইতোমধ্যে বাজারে মাছটি কেটে ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জেলে আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে ওই ইউনিয়নের সাটি নাওদা এলাকার আইয়ুব আলীর জালে হরিরামপুরের পদ্মা নদীতে কারেন্ট জালে মাছটি ধরা পড়ে।
জেলে আইয়ুব আলী জানান, সোমবার রাতে পদ্মা নদীতে আমার জালে বাগাড়টি ধরা পড়ে। মঙ্গলবার সকালে ঝিটকা বাজারে ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী জানান, মঙ্গলবার সকালে খবর পেয়েছি পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের বাগাড় ধরা পড়েছে।




