
সাতক্ষীরায় নিখোঁজের দুই দিনপর এক গৃহবধূর গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।
বুধবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কামালনগর এলাকার একটি বাঁশবাগানে গলিত ওই মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত গৃহবধূর নাম তাসলিমা খাতুন (২৫)। সে শহরের কামালনগর এলাকার আদম আলী সরকারের কন্যা।
নিহতের মা আয়েশা খাতুন জানান, তাসলিমার স্বামী মাকসুদুল হক সোহানের সঙ্গে গত ১১ দিন আগে তার ডিভোর্স হয়। এর পর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিত। একপর্যায়ে গত সোমবার (২ অক্টোবর) সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিন রাতেই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়।
নিখোঁজের দুই দিরপর বুধবার বিকেলে পাশ্ববর্তী একটি বাঁশবাগানে স্থানীয়রা তাসলিমার গলিত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে তাসলিমাকে তার স্বামী সোহান হত্যার পর মরদেহটি বাঁশবাগানে ফেলে রেখে সে পালিয়ে যায়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যাকাণ্ড ধরে নিয়েই পুলিশ কাজ করছে। মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




