
ঢাকায় বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে ছেলে গ্রেপ্তার হওয়ার খবর শুনে স্ট্রোকে মৃত্যু হলো বাবার।
শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মো. লুৎফর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাইয়ুমের বাবা।
পারিবারিক সূত্র জানায়, আব্দুল্লাহ আল কাইয়ুম বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাওয়ার পথে ২৭ অক্টোবর সন্ধ্যায় যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই খবর পাওয়ার পরে বাবা লুৎফর রহমান স্ট্রোকে আক্রান্ত হন। তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
লুৎফর রহমানের বড় ছেলে সাইফুল ইসলাম বলেন, আব্বু আগে থেকেই অসুস্থ ছিলেন। এ দিন হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেক ইলাহী মুন্না গণমাধ্যমকে বলেন, ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার সময় আব্দুল্লাহ আল কাইয়ুমকে পুলিশ আটক করে। এ খবর শোনার পরে তার বাবা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।




