
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে বেপরোয়া গতিতে রেসিং করার অপরাধে দায়ের করা মামলায় পাঁচটি গাড়ি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনভর অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে এসব গাড়ি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গাড়ি জব্দ হওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার আরিফ হোসেন বলেন, চালুর প্রথম দিনেই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আমরা সাতটি গাড়ি রেসিং করছিল বলে নিশ্চিত হই। এরপর
চট্টগ্রামের আলকরণ, ইপিজেড ও ডবলমুরিং এলাকা থেকে আমরা পাঁচটি গাড়ি জব্দ করেছি।
১ নভেম্বর সাতটি গাড়ির চালকের বিরুদ্ধে বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম মামলা করেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে জব্দ হওয়া এসব গাড়ি প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে টানেল অতিক্রম করার ভিডিও ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর সাতটি গাড়ি চিহ্নিত করে চালকের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করে টানেল কর্তৃপক্ষ। এর মধ্যে পুলিশ অভিযান চালিয়ে পাঁচটি গাড়ি জব্দ করেছে।




