
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকী আজ। নুহাশপল্লীতে তার পরিবারের স্বজন ও ভক্তরা নানা আয়োজনে লেখককে স্মরণ করলেন। হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যানসার হাসপাতাল ও জাদুঘর বিনির্মাণে সচেষ্ট রয়েছেন বলে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন জানান।
সোমবার (১৩ নভেম্বর) সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তিকামনায় প্রার্থনা করা হয়। রাতে নুহাশপল্লীতে এক হাজার পঁচাত্তরটি মোমবাতি প্রজ্বলন করা হয়। সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কাটা হয় কেক।

প্রতিবারের মতো এবারও হুমায়ূন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচু তলায়। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন ভক্ত ও পাঠকেরা। তারা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।
কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ূনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যানসার হাসপাতাল ও জাদুঘর বিনির্মাণে সচেষ্ট রয়েছেন বলেও জানান তিনি।

হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণা জেলার মোহনগঞ্জে নানাবাড়িতে। তার পৈত্রিক বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।
তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালে ১৯ জুলাই মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।
সৃষ্টিশীল কর্মের মাধ্যমে এদেশের সকল ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ চিরকাল বেঁচে থাকবেন।




