
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে সংরক্ষিত বনের কেওড়া ও গেওয়া গাছ কেটে জমি পরিষ্কার করার সময় নুরনবী প্রকাশ মিলন মাঝি (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে বনের গাছ কাটার করাত ও দা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়নের চর ইউনুছের হাজির গোপটের পশ্চিমে সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মিলন মাঝি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল করিমের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মিলন মাঝিসহ ৫/৬ জন মিলে জমি দখলের উদ্দেশ্যে ম্যানগ্রোভ বনের প্রায় দেড় একর জমিতে থাকা গেওয়া ও কেওড়া গাছ কেটে পরিষ্কার করার কাজ করছিলেন। বন বিভাগের কর্মীরা এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করে মিলন মাঝিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা বাকিরা দ্রুত বনের ভেতর পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে সদ্য কাটা ১ ফুট আকারের ৫০০টি গেওয়া গাছের চারা, ৫টি কেওড়ার মোথা, ২৯ দশমিক ১৬ ঘনফুট কেওড়া কাঠ, গাছ কাটার দা ও করাত জব্দ করা হয়। এসব গাছের চারা ও কাঠ কাটার ফলে বন বিভাগের প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জাহাজমারা সদর বিটের বন কর্মকর্তা বোখারী আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতকে হাতিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।




