
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘শেখ হাসিনা : দ্য মেকিং অফ অ্যান এক্সট্রাঅর্ডিনারি সাউথ এশিয়ান লিডার’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংসদ সদস্য এম আরাফাত।
প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী বলেন, শেখ হাসিনা অদম্য সাহসী ব্যক্তিত্ব। তিনি জীবনে অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে এসেছেন। ১৯৭৫ সালে ঘটে যাওয়া ঘটনা, যার জীবনে ঘটে শুধু তিনিই বোঝেন। প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা বইটিতে সবকিছু উল্লেখ রয়েছে। বইটি বাংলার পাশাপাশি ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এতে ইংরেজি ভাষাভাষী মানুষ আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে জানতে পারবেন।
জানা যায়, বিশিষ্ট লেখক ও রাজনৈতিক গবেষক ডা. আবুল হাসনাত মিল্টনের লেখা এই বইটিতে সমসাময়িক রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বের (শেখ হাসিনা) একটি আলোকিত প্রতিকৃতি ফুটে উঠেছে৷ এতে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি, জীবন ও কর্ম সুনিপুণভাবে বর্ণনা করা হয়েছে৷
গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য তার অবিরাম প্রচেষ্টা শুধু বাংলাদেশকে নতুন রূপ দেয়নি বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মতাদর্শে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বইটিতে উল্লেখ করা হয়েছে।




