
গাজীপুরের কালিয়াকৈরে বিকাশ এজেন্টের কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইকালে ২ জনকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার পল্লীবিদ্যুৎ এপেক্স রেললাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলো টাঙ্গাইলের মধুপুর থানার জটবাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে মমিনুল ইসলাম (২৩) ও একই জেলার একই থানার টুনিয়াবাড়ী এলাকার আব্দুল হামিদের ছেলে রেজাউল করিম (২৩)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের এপেক্স রেলইলাইন বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে বিকাশ এজেন্ট কর্মী টাকা সরবরাহের কাজে যাওয়ার সময় একটি সাদা মাইক্রোবাস নিয়ে তার গতিরোধ করে জোরপূর্বক গাড়িতে তোলে ছিনতাইকারীরা। এ সময় বিকাশ এজেন্ট কর্মীর ডাকচিৎকারে পথচারী ও বাজারের লোকজন এগিয়ে এসে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ ও আটককৃত দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে বিকেলে পুলিশ গ্রেপ্তারকৃত দুইজনের স্বীকারোক্তি মোতাবেক তাদের হেফাজতে থাকা ২ লাখ ১০ হাজারা টাকা উদ্ধার করে। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টায় বিকাশ কর্মী ওমর ফারুক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. সাব্বির রহমান জানান, মাইক্রোবাসসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের হেফাজতে থাকা ২ লাখ ১০ হাজার টাকা, একটি খেলনা পিস্তল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




