
খুলনার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ঢেলে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে এজলাস কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার মধ্য রাতের এ ঘটনায় কর্তব্যরত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
বুধবার সকালে জেলা প্রশাসক, দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আদালত পাড়ায় অতিরিক্ত পুলিশ, বিজিপি, ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক কর্তব্যরত দুই পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলায় প্রস্তুতি চলছিল।
এ বিষয়ে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, এজলাসকক্ষের ভাঙা জানালা দিয়ে নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। আদালত প্রাঙ্গণে রাতে ডিউটিরত উপপরিদর্শক (এএসআই) সোহেল ও পুলিশ কনস্টেবল মনিকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
তিনি বলেন, আদালতের বিচারকি কার্যক্রম বাধাগ্রস্ত, আতংক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। পুলিশি কার্যক্রম শুরু করেছি।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোন এক সময় কে বা কারা এজলাস কক্ষের জানালার গ্লাস ভেঙে এ ঘটনা ঘটানো হয়। কোর্ট মসজিদে ফজরের নামাজ পড়ে ফেরার পথে আসবাব পত্র পোড়ার গন্ধ পেয়ে গ্রিল মিস্ত্রি জাহাঙ্গীর আলম এগিয়ে দেখেন কোট পুলিশ আগুন নেভাচ্ছেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশসহ প্রশাসনের লোকেরা ঘটনাস্থলে আসেন। এ সময় এজলাস কক্ষে থাকা কাঠগড়া, চেয়ার ও সোফা পুড়ে গেছে।
পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি পঙ্কজ কুমার ধর জানান, সকালের দিকে এ ঘটনার খবর পেয়েছেন। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, ডিবিওসি নাছির উদ্দীন, পাইকগাছা থানা (ওসি) মো. ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




