
গাজীপুরের শ্রীপুরের বনখরিয়া এলাকায় ট্রেন দুর্ঘটনায় রেলপথ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব শাহ্ ইমাম আলী রেজা ও অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে আসেন।
এ সময় শাহ্ ইমাম আলী রেজা সাংবাদিকদের বলেন, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। আমরা সকালে ঘটনাস্থলে এসেছি সরজমিনে দেখার জন্য। আমরা দেখছি এবং প্রয়োজনীয় নথিপত্র দেখবো। ইতোমধ্যে ট্রেনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। আশা করি, নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা দিতে পারব।
প্রসঙ্গত, বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোণার মোহনগঞ্জ স্টেশন থেকে রাত ১১টায় ছেড়ে আসে। পরে ময়মনসিংহ থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। শ্রীপুরের বনখড়িয়া চিলাই নদীর ব্রিজের কাছে আসামাত্রই ভোর সাড়ে ৪টায় ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে রেললাইন কেটে রেখেছিল। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের মুরগি ব্যবসায়ী আসলাম হোসেন (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।




