
ঢাকার ধামরাই উপজেলায় ইট ভাঙার ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। েএতে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালাপুরের ডাবর কারখানা সংলগ্ন একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধামরাইয়ের বালিথা গ্রামের ইদ্রিস আলীর ছেলে নাঈম হোসেন (২০) ও একই এলাকার আমির উদ্দিনের ছেলে মো. জুয়েল (৩২)।
তারা ধামরাই থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, ওই এলাকায় মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠালে তাকেও মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলিটি জব্দ করে এর চালককে আটকের চেষ্টা চলছে।




