
কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় এক ইউপি চেয়ারম্যানসহ ২ নেতাকে বহিষ্কার করেছে দলটি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন মো. আলাউদ্দিন সাবিরী ও মাহতাব উদ্দিন। আলা উদ্দিন কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাহতাব উদ্দিন চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আলাউদ্দিন সাবিরীকে ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. মাহতাব উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম এ বহিষ্কার আদেশ অনুমোদন করেছেন।
জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারা নির্বাচনী প্রচারণায় অংশ নেন। তাই তাদের বিষয়ে দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




