
ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমরের সঙ্গে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের বৈরিতা নিরসন করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশালে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমু তার বাসভবনে দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে শাহজাহান ওমরের পরিচয় করিয়ে দিয়ে বৈরিতা নিরসন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদকার শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক মনির, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুসহ দুই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা নৌকার পক্ষে কাজ করবেন না বলে ঘোষণা দেন। যদিও কাঠালিয়া উপজেলার আওয়ামী লীগের নেতারাও এ বিষয়ে চুপচাপ ছিলেন। দুই উপজেলার নেতাদের অভিযোগ, নৌকার প্রার্থী শাহজাহান ওমর তাদের সঙ্গে যোগাযোগ করছেন না। এরপরই সংকট নিরসনে এগিয়ে আসেন পাশ্ববর্তী ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের নৌকার প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু।




