
দিনাজপুরের বিরামপুরে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারিকুজ্জামান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
তারিকুজ্জামান উপজেলার কোচগ্রাম গ্রামের তাজুল ইসলামের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, তারিকুজ্জামান রাতে বিরামপুরে একটি হোটেল থেকে বিরিয়ানি কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে একটি অটোকে সাইড দিতে গিয়ে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় দিনাজপুর থেকে অজ্ঞাত স্থানের দিকে যাওয়া একটি পাথরবোঝাই ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পরে ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সড়ক ও পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।




