
রংপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে হরতালের ডাক দিয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালনে রংপুর মহানগরবাসীকে আহ্বান জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।
ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনের মুক্তির দাবিতে এ হরতালের যাক দিয়েছে তারা।
রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বার্তায় সংবাদমাধ্যমকে হরতাল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, গত ২০ নভেম্বর নাশকতার মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।
২৯ অক্টোবর রংপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নাশকতা চেষ্টার অভিযোগে মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনও সদস্য সচিবসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওইদিন আরও ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।




