
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জনগণ স্বতন্ত্র প্রার্থীকে দাঁতভাঙা জবাব দিয়ে দেবেন।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, হাইটেক সিটিতে প্রায় ৩ লাখ মানুষের কাজের কর্মস্থান হবে। সড়কের যানজট সৃষ্টির কারণে বিশেষ রেললাইন তৈরি করা হবে। কালিয়াকৈর টু ঢাকা শাটল ট্রেন চলাচল করবে। এতে যানজট অনেকটাই কমে আসবে।
আওয়ামী লীগের পদধারী নেতারা নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করার বিষয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে, এখানে আমার একক কোনো মত নেই। দল যে সিদ্ধান্ত নেবে আমি সেটার পক্ষে। যারা প্রার্থী হয়েছেন তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই৷ তবে অনেকে যে ভাষায় কুৎসা রটনা করছেন তা দুঃখজনক। যারা কথা বলছেন যদি জবাব দেওয়ার মতো পর্যায়ে তারা যান তখন জবাব দেব।
তিনি আরও বলেন, আপনারা জানেন একসময় কালিয়াকৈরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিকভাবে অরাজকতা ছিল। আমি চেষ্টা করেছি যেন এখানে শান্তিপূর্ণ পরিবেশ থাকে। দলবল নির্বিশেষে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। কালিয়াকৈরে যেন রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না হয় সেটি খেয়াল রেখেছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।




