
মুন্সীগঞ্জে ড্রাইভিং প্রশিক্ষণের সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে কাওসার আহমেদ (২৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৩ জন।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের তালেশ্বরে এ ঘটনা ঘটে।
কাওসার আহমেদ মুন্সীগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের কাতলাপাড়া গ্রামের কামাল ঢালীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রশিক্ষণার্থী নিয়ে গাড়িটি তালেশ্বর থেকে মুন্সীগঞ্জের কাটাখালির দিকে যাচ্ছিল। পথে তালেশ্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গিয়ে প্রশিক্ষক ড্রাইভারসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কালাম প্রধান জানান, চারজনকে হাসপাতালে নিয়ে আসা হলে একজন মারা যান। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।




