
খাগড়াছড়ির পানছড়িতে এক মদ্যপ চিকিৎসকের মাইক্রোবাসের ধাক্কায় সুশান্ত চাকমা (৫০) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, পানছড়ি উপজেলার চেঙ্গী ইউপির সূর্যমোহন পাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ শেষে জেলা সদরে ফেরার পথে উপজেলার বাস টার্মিনাল এলাকায় শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরার মাইক্রোবাসের সঙ্গে টমটমের সংঘর্ষ হয়।
এ সময় খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক টমটম চালক শুশান্ত চাকমাকে (৫৫) মৃত ঘোষণা করেন। নিহত শুশান্ত চাকমা উপজেলার সত্যধন পাড়ার বিক্রম সেন চাকমার ছেলে।
এদিকে এটিকে দুর্ঘটনা মানতে নারাজ নিহতের স্বজনরা। তারা এ দুর্ঘটনাকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে হাসপাতাল ঘেরাও করেছেন। সঠিক ফায়সালা না হওয়া পর্যন্ত নিহতের স্বজনরা হাসপাতালেই অবস্থান করবেন বলে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরা। আর তারপরই ঘটে এ ঘটনা।
তবে ক্ষতিপূরণ প্রদানের মধ্য দিয়ে ঘটনার ইতি টানতে চাচ্ছেন ওই চিকিৎসকের স্বজনরা।




