
খ্রিস্ট ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড়দিন মানেই চোখে ভেসে ওঠে পাঁচতারকা হোটেলের জমকালো আয়োজন। কিন্তু জমকালো আয়োজনের ছিটেফোঁটাও পৌঁছায় না দুর্গম অঞ্চলে। এই কারণে বড় দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের নবাবগঞ্জে মুক্তির বন্ধন ফাইন্ডেশনের আয়োজনে ফ্রি হাটের ব্যবস্থা করা হয়েছে।
বড়দিনের ফ্রি হাট থেকে ক্রয়সামর্থহীন পরিবারের সদস্যরা বিনা পয়সায় নতুন জামা-কাপড়, তেল, সাবান, কসমেটিকস, ময়দা, মুরগি এবং শিশুদের জন্য নানা উপহারসহ নিতে পারছেন। ২৫ পরিবারের শতাধিক খ্রিস্ট ধর্মাবলম্বী বিনামূল্যে এসব উপহার পেয়ে উচ্ছসিত।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলার তর্পনঘাট গোলাবাড়ি আদিবাসী পল্লিতে ফ্রি হাটের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম, মুক্তির বন্ধন ফাউন্ডেশনের প্রোগাম সমন্বকারী কর্মকর্তা হাবিবুর বাসার সুমন, ফরেস্টার রোকোনুজ্জামান, ভাদুড়িয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রবিউল ইসলামসহ অনেকেই।




