
ঢাকা-১৯ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। এ ব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ।
এর আগে সোমবার ভোরে আশুলিয়ার জামগড়া গোরাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন আশুলিয়ার জামগড়া গোরাট এলাকার সাহাবুদ্দিন মাদবরের ছেলে মো.আরিফসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জন।
ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সাইফুল ইসলামের সমর্থক। আমি পোস্টার ও ব্যানার লাগানোর কাজ করি। সকালে আশুলিয়ার গোরাট এলাকায় কর্মীদের সঙ্গে নিয়ে পোস্টার লাগানোর সময় নৌকা প্রতীকের সমর্থক আরিফ মাদবর ও তার ৭-৮ জন সহযোগী আমাদের মারধর করে ও পোস্টার ছিঁড়ে ফেলে। এ সময় ওই এলাকায় পুনরায় পোস্টার লাগাতে দেখলে প্রাণনাশের হুমকি দেয় আরিফ মাদবর।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায়ও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে নৌকা প্রতীকের সমর্থক আরিফ মাদর বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি এফ এম সায়েদ বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের নির্বাচন অফিসে অভিযোগ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।




