
নওগাঁয় ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। সোমবার বড়দিনের ছুটির মধ্যে যখন সাধারণ মানুষ নিজ ঘরে অবস্থান করছেন, তখন ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন তিনি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) একইভাবে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইলেন তিনি।
নওগাঁর পোরশা, সাপাহার, নিয়ামতপুরের ২০টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ভোটারদের সঙ্গে দেখা করেন সাধন চন্দ্র মজুমদার। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ জুড়ে চলমান উন্নয়নের তথ্য তুলে ধরেন তিনি। সেই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে তার নিজ এলাকায় যেই উন্নয়ন কার্যক্রমগুলো বিগত ১৫ বছরে সম্পন্ন হয়েছে, সে বিষয়েও এলাকার সাধারণ মানুষকে জানান তিনি। সেই সঙ্গে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ভোট চাইবার পাশাপাশি তিনটি উপজেলাতেই বৈঠকে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের বর্তমান এমপি সাধন চন্দ্র মজুমদার। এ সময় এলাকার অবকাঠামো উন্নয়নের তথ্য তুলে ধরেন তিনি। সেই সঙ্গে জানান, ভবিষ্যতে আরও উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য আওয়ামী লীগ সরকারকেই প্রয়োজন। অন্যথায় দেশ আবারও পশ্চাদমুখে ধাবিত হবে।
এ সময় সকল ভোটার ও দলীয় নেতাকর্মীদের ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।




