
দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পরবর্তী প্রচারণার নবমতম দিনে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে। হামলায় এ কে আজাদের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ঝনক সহ পাঁচ জন আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডে মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুর-৩ সদর নির্বাচনী এলাকায় গত কয়েকদিন ধরে এই সংসদীয় এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকেরা একে অপরের উপর হামলার অভিযোগ তুলছেন।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জানান, প্রতিদিনের মতো প্রচারণা শেষে আজও আমরা অফিসে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম। এমন সময় পৌরসভার কাউন্সিলর মোবারক খলিফা, আতিয়ার শেখের নেতৃত্বে প্রায় দেড়শ দুইশ মানুষ নৌকার শ্লোগান দিয়ে আমাদের অফিসে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমাদের অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
হামলা প্রসঙ্গে স্থানীয় পৌরসভার কাউন্সিলর মোবারক খলিফা বলেন, ওই নির্বাচনী অফিসের সামনে দিয়ে আমাদের গাড়ি বহর যাচ্ছিল, এসময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন শ্লোগান দিয়ে আমাদের গাড়িবহনে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে হয়তো পেছন থেকেও পাল্টা ইট ছোড়া হয়। তবে ওরা যে অভিযোগ দিচ্ছে সেটি সঠিক নয়।
এ ব্যাপারে ফরিদপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এই বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইন চার্জ (অপারেশন) মো. আবদুল গাফফার জানান, খবর পাওয়া মাত্রই হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




