
ঝিনাইদহ সদর ও শৈলকুপায় নৌকা প্রতীকের মিছিলে হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বাগডাঙ্গা ও শৈলকুপা উপজেলার মীনগ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে সদর উপজেলার সুরাট বাজার থেকে ঝিনাইদহ ২ আসনের নৌকার সমর্থকরা একটি মিছিল বের করে। মিছিলটি বাগডাঙ্গা গ্রামে পৌঁছালে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল’র সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। হামলায় আশিকুর রহমান, বাপ্পি ও বকুল নামে ৩ আওয়ামী লীগ কর্মী আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সন্ধ্যায় শৈলকুপা উপজেলার আবাইপুর থেকে নৌকার সমর্থকরা একটি মিছিল বের করে মীনগ্রামে যাচ্ছিল। পথে মীনগ্রামের মোল্লাপাড়ায় পৌঁছালে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে লালন বিশ্বাস, রিকুল বিশ্বাস, হিমেল বিশ্বাস ও উকিল মুসল্লী নামের ৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদরের ওসি শাহীন উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় উত্তেজনা থাকায় উভয় স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।




