
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ছেলে মাহবুব রহমান রুহেলের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকার হয়ে ভোট চাইছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বুধবার (২৭ ডিসেম্বর) জোরারগঞ্জ ইউনিয়নে এক উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশে নৌকা প্রতীকে ভোট চান তিনি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম এই সদস্য উঠান বৈঠকে বলেন, আমার পুত্র রুহেল ইতোমধ্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য অনেক কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে বায়োগ্রাফি চলচ্চিত্র, আইটিসহ অনেক সেক্টরে তার ভূমিকা প্রশংসনীয়। আমার বিশ্বাস, সে মীরসরাইবাসীর মুখ উজ্জ্বল করবে। দেশ ও জনগণের জন্য কাজ করবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে মাহবুব রহমান রুহেল মীরসরাইয়ের সব শ্রেণির মানুষের কল্যাণে অনেক উন্নয়ন পরিকল্পনাও হাতে নিয়েছে।
ভোটারদের কাছে নৌকা ও তার ছেলেকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান আওয়ামী লীগের প্রবীণ এ রাজনীতিবিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শ্যামল দেওয়ানজী, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ইমন প্রমুখ।




